চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সরকারি সফরের অংশ হিসেবে মঙ্গলবার (১৪ জুলাই) চাটমোহর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন। সফরকালে তিনি মাঠ প্রশাসনের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি জনসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
সফরের শুরুতে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। পরে তিনি হান্ডিয়াল ইউনিয়ন পরিষদ, হান্ডিয়াল ইউনিয়ন ভূমি অফিস, হান্ডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কার্যক্রম, ভূমি ব্যবস্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান পরিবেশ এবং নাগরিক সেবার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন জেলা প্রশাসক। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে তিনি সেবা প্রদান আরও দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করার নির্দেশনা দেন।
তিনি বলেন, সরকারি সেবায় জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়ে নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত সেবা পায়, সে বিষয়ে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply
You must be logged in to post a comment.