লাঞ্চনার শিকার সাংবাদিক আব্দুদ দাইন সরকার ও অভিযুক্ত জাসাস নেতা মিজানুর রহমান ফুল।

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর এর সাঁথিয়া প্রতিনিধি অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার (৬৮) কে প্রকাশ্য দিবালোকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এনসিপি ও জাসাস নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল দশটার দিকে এনসিপির সাঁথিয়া উপজেলা শাখার আহ্বায়ক বকুল হোসেন ও তার ছোট ভাই উপজেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান ফুল এর নেতৃত্বে তার উপর হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী দাইন সরকার জানান, মঙ্গলবার সাঁথিয়া প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন উপলক্ষে সকাল আনুমানিক দশটার দিকে তিনি ভোটদানের উদ্দেশ্যে সাঁথিয়া প্রেসক্লাবের সামনে উপস্থিত হন। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা এনসিপি নেতা বকুল হোসেন ও তার ছোট ভাই জাসাস নেতা মিজানুর রহমান ফুল এবং ঠান্ডু এর নেতৃত্বে ৮/১০জন সন্ত্রাসী আব্দুদ দাইন সরকারের উপর অতর্কিত হামলা চালায় এবং লাঞ্ছিত করে। হামলাকারীরা আব্দুদ দাইন সরকারকে কিল ঘুষি লাথি মারেন এবং তার গায়ের জামা-গেঞ্জি ছিঁড়ে ফেলেন। খবর পেয়ে সহকর্মীরা আহত দাইন সরকারকে উদ্ধার করে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

অভিযুক্ত এনসিপি নেতা বকুল ও তার ভাই জাসাস নেতা ফুল সাঁথিয়া উপজেলার পিপুলিয়া গ্রামের মোজাম্মেল হোসেন ওরফে মোজার ছেলে। আরেক অভিযুক্ত ঠান্টু খান মাহমুদপুর গ্রামের সিরাজ আলীর ছেলে।

অভিযুক্ত এনসিপির সাঁথিয়া উপজেলা শাখার আহ্বায়ক বকুল হোসেন বলেন, ৫ আগস্টের আগে সাঁথিয়া থিয়েটারের সভাপতি ছিলেন আব্দুদ দাইন সরকার। সে সময় তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ছিল। ৫ আগস্টের পর তার কাছে সেই টাকা ফেরত চান মিজানুর রহমান ফুল সহ থিয়েটারের অন্যান্য সদস্যরা। কিন্তু তিনি সে টাকা ফেরত না দিয়ে তিনি পলাতক থেকে যান। এছাড়া একটি নারী ঘটিত বিষয় নিয়েও দ্বন্দ্ব ছিল দাইন ও ফুলের মধ্যে। এসব কারণে তার সাথে মিজানুর রহমান ফুল ও তার লোকজনের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আমি বরং তাদের প্রতিহত করেছি, যাতে বিশৃঙ্খলা না হয়।

এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিনি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ দিকে একজন জৈষ্ঠ সাংবাদিক এবং শিক্ষকের উপর প্রকাশ্য দিবালোকে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে পাবনা প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিতে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারন সম্পাদক জহুরুল ইসলাম অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।