ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের কাঁচামাল ও উপকরণ পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা বিপুল পরিমাণ অবৈধ জালের উপকরণ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার নৌবাড়ীয়া এলাকায় উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় নৌবাড়ীয়া নতুনপাড়া গ্রামের মৃত অনিলের ছেলে মিলন (৩৬)-কে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানের সময় তার কাছ থেকে তিন বস্তা নিষিদ্ধ চায়না দুয়ারী জাল তৈরির কাঁচামাল ও উপকরণ জব্দ করা হয়।
পরে জব্দ করা অবৈধ সামগ্রী ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস করা জালের উপকরণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযানে ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম এবং ভাঙ্গুড়া থানার এসআই মো. এরশাদ হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, দেশের জলজ সম্পদ রক্ষা এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।

Leave a Reply
You must be logged in to post a comment.