ডেক্স রিপোর্ট: মাদকদ্রব্যের অনলাইন কেনাবেচা ও সংশ্লিষ্ট অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে পাস হয়েছে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’

নতুন আইনে অনলাইনে মাদক কেনাবেচা, সরবরাহ, বিজ্ঞাপন, মধ্যস্থতা বা লেনদেনকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। একই সঙ্গে এসব অপরাধ প্রমাণের ক্ষেত্রে অভিযুক্তের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার হওয়া বাধ্যতামূলক নয়। ডিজিটাল তথ্য-প্রমাণের ভিত্তিতেও বিচারিক কার্যক্রম পরিচালনা করা যাবে।

মাদকবিরোধী কার্যক্রম আরও শক্তিশালী করতে সংশোধিত বিলে পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হয়েছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র বহনের সুযোগ, নিজস্ব হাজতখানা ও অস্ত্রাগার স্থাপন, ডগ স্কোয়াড গঠন, মাদকসংক্রান্ত সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ শাখা এবং ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠার বিধানও যুক্ত করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন। জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তির পর কণ্ঠভোটে বিলটি পাস হয়।

এখন রাষ্ট্রপতির সম্মতি পেলেই বিলটি আইনে পরিণত হবে এবং নতুন বিধান কার্যকর হবে।