ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) প্রকল্পের আওতায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভাঙ্গুড়ার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি পাবনার নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম।

কর্মশালায় জিআইএস অ্যানালিস্ট মো. মারুফ খান আকাশ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন। এ সময় গ্রামীণ সড়কের বর্তমান অবস্থা, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, উন্নয়নের অগ্রাধিকার, জিআইএস প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা পর্বে উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, জামায়াত নেতা অধ্যাপক হালিম মাজাহার নূর, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

এ সময় সাংবাদিক মেহেদী হাসান বলেন, “চাটমোহরের সমাজ এলাকা থেকে ভাঙ্গুড়া হয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উদুনিয়া বাজার পর্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত উন্নয়ন করা অত্যন্ত জরুরি।” তিনি সড়কটি অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।

কর্মশালাটি পরিচালনায় পরামর্শক প্রতিষ্ঠান বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেড সার্বিক সহযোগিতা প্রদান করে।