স্টাফ রিপোর্টার, পাবনা: পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

রোববার (১২ জুলাই) রাত প্রায় ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বলরামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে মোস্তাকিম মন্ডলের কাছ থেকে ৭০ পিস এবং জিহাদ হাসানের কাছ থেকে ৩০ পিসসহ মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন প্রায় ১০ গ্রাম।

গ্রেপ্তাররা হলেন, দোগাছি ইউনিয়নের দ্বীপচর (লেবুর বাগান) এলাকার বাসিন্দা মো. মোস্তাকিম মন্ডল (২২) এবং দ্বীপচর, চর আশুতোষপুর এলাকার বাসিন্দা মো. জিহাদ হাসান (২১)।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, পাবনা জেলার বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের সহযোগিতা ও তথ্য প্রদান এ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।