পাবনা প্রতিনিধি: মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পরিচালিত পৃথক অভিযানে তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম-এর নেতৃত্বে পাবনা সদর উপজেলার নাজিরপুর ও লস্করপুর এলাকার বিভিন্ন মাদক স্পটে এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন, পাবনা সদর উপজেলার মাদারবাড়ি গ্রামের মৃত মোজাহার শেখের ছেলে মো. রিপন শেখ (৩২), সুজানগর উপজেলার কাচুরি গ্রামের মো. শাজাহান প্রামানিকের ছেলে মো. আব্দুল্লাহ প্রামানিক (৩৭) এবং সুজানগর উপজেলার বোনকোলা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে মো. রঞ্জু আলী মল্লিক (২৭)

ডিএনসি পাবনা সদর সার্কেলের উপ-পরিদর্শক মো. জামালুর রহমান এবং উপ-পরিদর্শক সোহান ভ্রাম্যমাণ আদালতে আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশন উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। চলতি জুলাই মাসে এ পর্যন্ত ৩৬ জনকে মাদক-সংক্রান্ত অপরাধে আদালতে সোপর্দ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।