পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলিম এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালিত হয়।
অভিযানে সুজানগর উপজেলার চর মানিকদীর এলাকা এবং ঈশ্বরদী উপজেলার সাহাপুর, মুলাডুলি ও আওতাপাড়া এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, সুজানগর উপজেলার চর মানিকদীর গ্রামের মৃত জহিরুদ্দিনের ছেলে মোক্তার হোসেন (৪৫), ঈশ্বরদী উপজেলার দিয়ার সাহাপুর গ্রামের মো. ছাইদুল প্রামানিকের ছেলে শাহীন প্রামানিক (৪১) এবং চর সাহাপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে জিন্নাহ হোসেন (৩১)।
ডিএনসি পাবনা সদর সার্কেলের উপ-পরিদর্শক মো. জামালুর রহমান এবং ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহিম ভ্রাম্যমাণ আদালতে মামলাগুলোর প্রসিকিউশন পরিচালনা করেন। আদালত তিন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জুলাই ২০২৬ মাসে এ পর্যন্ত মাদক-সংক্রান্ত অপরাধে মোট ৩৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.