পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ ৭ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি টিনশেড ঘরের ভেতরে জুয়া খেলতে থাকা অবস্থায় তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মির্জাপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে আমানুল ইসলাম (২৬), জহাবের শেখের ছেলে মো. হানিফ (৩৮), আব্দুর রাজ্জাকের ছেলে মো. ফজলুর রহমান (৩৮), আকবর সরদারের ছেলে মো. আজাহার সরদার (৩৫), মির্জাপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত জব্বার প্রামাণিকের ছেলে মো. মাহবুবুর হাসান (৪০), মৃত খুশি প্রাংয়ের ছেলে মো. হাবিব প্রাং (৫২) এবং বজলু উদ্দিনের ছেলে মো. মিলন মিয়া (৩০)।

অভিযানকালে ঘটনাস্থল থেকে জুয়ার বোর্ড (তাস খেলার সেট) ৫টি, প্লেয়িং কার্ড ৩৩টি এবং জুয়ার আসরে ব্যবহৃত নগদ ১৯ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, ১৮৬৭ এর সংশ্লিষ্ট ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জুয়া, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।