স্টাফ রিপোর্টার: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানিয়েছেন, তার পরিচালিত বিভিন্ন অভিযানের ভিডিও ও কার্যক্রম দেখে মাননীয় প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদারভাবে চালিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন।

তিনি জানান, সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাতের সুযোগ পান তিনি। এ সময় মাঠ পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণে পরিচালিত অভিযান, ভোক্তা অধিদপ্তরের জনবল সংকট, পদোন্নতির দীর্ঘসূত্রিতা এবং কাজের বিভিন্ন বাস্তব চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় নোট নেন বলেও দাবি করেন তিনি।

মাহমুদ হাসান রনি আরও জানান, দেশের ৬৪ জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে নিবেদিতপ্রাণ ১৫ জন কর্মকর্তার সঙ্গে তাকেও এ বিশেষ সাক্ষাতে আমন্ত্রণ জানানো হয়। সেখানে প্রধানমন্ত্রী তার কাজের প্রশংসা করেন এবং জনস্বার্থে পরিচালিত কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এ বিষয়ে মাহমুদ হাসান রনি বলেন, পরিশ্রম, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে তার স্বীকৃতি একদিন না একদিন আসে। তিনি ভবিষ্যতেও ভোক্তাদের স্বার্থ রক্ষায় একই নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।