চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির পর অভিমানে গ্যাস ট্যাবলেট সেবনের অভিযোগে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, এটি আত্মহত্যার ঘটনা এবং এ বিষয়ে তাদের কোনো অভিযোগ বা সন্দেহ নেই।
নিহত শাহেরা পারভীন (৪৫) উপজেলার হান্ডিয়াল গ্রামের বাসিন্দা ও হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
স্বজন ও থানা সূত্রে জানাগেছে, রোববার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে সামান্য কথা কাটাকাটির পর শাহেরা পারভীন অভিমান করে সবার অগোচরে বাজার থেকে গ্যাস ট্যাবলেট কিনে সেবন করেন। পরে তিনি বিদ্যালয়ের অফিস সহকারী মো. খোরশেদ আলমকে মোবাইল ফোনে বিষয়টি জানান।
খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে রাজশাহীতে নেওয়ার পথে নাটোরের বনপাড়া এলাকায় বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান এবং থানায় লিখিতভাবে জানান, এ মৃত্যুর ঘটনায় তাদের কোনো অভিযোগ বা সন্দেহ নেই। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি প্রার্থনা করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, “পরিবারের পক্ষ থেকে মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

Leave a Reply
You must be logged in to post a comment.