মেগাসান বাংলাদেশ প্লান্ট উদ্বোধন করছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। শনিবার দুপুরে পাবনার ঈশ্বরদীতে।
পাবনা প্রতিনিধি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল এমপি বলেছেন, বর্তমান সরকার বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কাজ করছে। যারা ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসবে তাদের বিশেষ সুবিধাও প্রদান করবে, ভূর্তুকি দেবে সরকার।
শনিবার দুপুরে পাবনার ঈশ্বরদীতে মেগাসান তুর্কী এবং মেগাসান বাংলাদেশ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের উপস্থিত থাকার কথা থাকলেও সরকারি বিশেষ কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননি। তিনি নরসিংদী থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন। মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজের সার্বিক সাফল্য কামনা করেন ও সহযোগিতা থাকবে বলে বক্তব্যে উল্লেখ করেন।
বিশেষ অতিথি প্রতিমন্ত্রী পুতুল বলেন, বর্তমান সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে এবং গুরুত্ব বিবেচনায় ঈশ্বরদী বিমানবন্দর চালু হওয়া দরকার।
প্রতিমন্ত্রী বলেন, মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ সারা দেশের জন্য নতুন দিগন্ত তরি করবে। মেডিকেল ইক্যুমেন্ট আমদানি নির্ভরতা কমবে এবং সাশ্রয়ী মূল্যে হাসপাতালগুলো ইক্যুমেন্ট ক্রয় করতে পারবে। ভবিষ্যতে তার নির্বাচনী এলাকা লালপুরে কিডনি ডাইলোসিস সেন্টার ও একটি ডায়াবেটিক হাসপাতাল নির্মাণের কথা জানান মন্ত্রী। পরে মন্ত্রী মেগাসান বাংলাদেশের প্লান্ট ঘুরে দেখেন।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (ডিজি) ড. কবির উদ্দিন আহমেদ, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মুনিরা, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক প্রফেসর ডা. কামরুল ইসলাম, মেগাসান তুরস্কের চেয়ারম্যান আরিফ সিলেকতিন, পরিচালক ইউনুস সিলেকতিন, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব|
এ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেগাসান বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর প্রকৌশলী নাজমুল হাসান।
মেগাসান বাংলাদেশের পরিচিতি তুলে ধরেন মেগাসান বাংলাদেশের এক্সিকিউটিভ ডাইরেক্টর মো. ওয়াহিদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেগাসান বাংলাদেশের উপদেষ্টা মো. শহিদুল হাসান ববি সরদার।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড-এর অ্যাসেম্বলি প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ওইদিন মেগাসান তুর্কীর চেয়ারম্যান আরিফ সিলেকতিন প্রধান অতিথি হিসেবে অ্যাসেম্বলি প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Leave a Reply
You must be logged in to post a comment.