ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের হাউটখুলিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক দম্পতির ওপর হামলা, মারধর, ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. তৈয়ব আলী।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলছিল। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে অভিযুক্তরা তৈয়ব আলীর বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে তৈয়ব আলী ও তার স্ত্রীকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা বাড়ির দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। পাশাপাশি ঘরে থাকা প্রায় ৩ লাখ টাকা নগদ এবং আনুমানিক ৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের চার ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

হামলায় আহত স্বামী-স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর ছয়জনকে অভিযুক্ত করে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ভাই-ভাইয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিষয়ে শনিবার থানায় একটি গ্রাম্য সালিশে বসার কথা ছিল। এর আগেই এ ধরনের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সংবাদে প্রকাশ করা হবে।