১ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল, চাটমোহরের দুই যুবদল নেতার বহিষ্কারাদেশ আবারও বহাল
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: মাত্র এক ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত পরিবর্তন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। চাটমোহর পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখন এবং চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর তা আবারও বাতিল করে তাদের বহিষ্কারাদেশ বহাল করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) প্রথমে কেন্দ্রীয় যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদন ও দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে ওই দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের নিজ নিজ পদে পুনর্বহাল করা হয়েছে। তবে প্রায় এক ঘণ্টা পর কেন্দ্রীয় দপ্তর থেকে নতুন আরেকটি বিজ্ঞপ্তি দিয়ে আগের সিদ্ধান্ত সংশোধন করা হয়।
সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বে জারি করা বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হবে না। ফলে চাটমোহর পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখন এবং চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেনের বহিষ্কারাদেশই বহাল রয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি-এর নির্দেশক্রমে যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

Leave a Reply
You must be logged in to post a comment.