নিজস্ব প্রতিবেদক, পাবনা: পাবনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ২০টি মামলার আসামি হিসেবে পরিচিত কথিত কুখ্যাত মাদক ব্যবসায়ীকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে পাবনা সদর থানাধীন পৌর এলাকার আব্দুল হামিদ রোডের ১ নম্বর আল মুনসুর সুপার মার্কেট এলাকায় কাচ্চি ভাই রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন পাবনা সদর উপজেলার কাচারীপাড়ার মৃত আজাহার শেখের ছেলে মোঃ আরশেদ শেখ (৫৫)।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরশেদ পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে রাখা ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন প্রায় ৪ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা সদর এলাকার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রির কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।