পাবনা প্রতিনিধি: পাবনার হেমায়েতপুর এলাকায় অবস্থিত শ্রীশ্রী অনুকূল ঠাকুরের মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তার কাছ থেকে চুরি হওয়া টাকার একটি অংশও উদ্ধার করা হয়েছে।

পাবনা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। ঘটনার পরপরই পাবনা থানা ও হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির সমন্বয়ে গঠিত টিম তদন্ত শুরু করে।

পুলিশ সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য-উপাত্ত সংগ্রহ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অল্প সময়ের মধ্যেই অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়। পরে তার হেফাজত থেকে চুরি হওয়া অর্থের একটি অংশ উদ্ধার করা হয়।

বর্তমানে গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং অপরাধ দমনে তারা সর্বদা পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

এ ঘটনায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, হেমায়েতপুর, পাবনার প্রতিনিধি অমিত কুমার সরকার জেলা পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করে বলেন, চুরির ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং চুরি হওয়া টাকার একটি অংশ উদ্ধার হওয়ায় তারা কৃতজ্ঞ। একই সঙ্গে অবশিষ্ট টাকা উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেন।