পাবনা প্রতিনিধি: পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় আমদানী নিষিদ্ধ মাদকদ্রব্য ‘ইসকাফ’ (ESkuf) সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের এদরাকপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে এদরাকপুর গ্রামের বাসিন্দা মো. নাজির মিয়া (৩৯), পিতা: আ. ছামাদকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে হেফাজতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ভারতীয় আমদানী নিষিদ্ধ মোট ৬ বোতল ‘ইসকাফ’ (Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup) উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সিরাপের পরিমাণ ৬০০ মিলিলিটার এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি বিভিন্ন স্থান থেকে এসব মাদক সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন বলে দাবি পুলিশের।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারা অনুযায়ী সাঁথিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.