পাবনা প্রতিনিধি: পাবনার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মঞ্জু শেখ (৩৫) নামে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) দুপুরে সুজানগর উপজেলার চরতারাপুর ও ভাঁড়ারা ইউনিয়নের সীমান্তবর্তী জোতকাকুরিয়া কলাবাগান এলাকার পদ্মার চরে এ ঘটনা ঘটে।
নিহত মঞ্জু শেখ আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ ও চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর ভাতিজা বলে জানা গেছে। দলীয় সূত্রে তাকে বিএনপির কর্মী হিসেবে নিশ্চিত করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পদ্মার চর এলাকায় দীর্ঘদিন ধরে বালু উত্তোলনকে কেন্দ্র করে কয়েকটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবারও এ নিয়ে উত্তেজনা তৈরি হয়।
শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন বালুর অবস্থান দেখতে গেলে বিরোধ নতুন করে সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মঞ্জু শেখ নিহত হন।
সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ অভিযোগ করে বলেন, চরতারাপুর ও ভাঁড়ারা এলাকার কিছু লোক বালু উত্তোলনের চেষ্টা করলে বাধা দেওয়া হয়। এ সময় প্রতিপক্ষ গুলি চালায় এবং এতে তার ভাতিজা নিহত হন। তিনি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.