ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের কঠবাড়িয়া থেকে আদাবাড়িয়া কবরস্থান পর্যন্ত দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী সড়কের উন্নয়নকাজের অংশ হিসেবে মাটির কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় দেড় কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার খানমরিচ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতাউর রহমান খোকন। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন।
পরে আলোচনা সভায় আতাউর রহমান খোকন বলেন, জনগণের জীবনমান উন্নয়ন ও এলাকার সার্বিক অগ্রগতির লক্ষ্যে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ, কৃষি খাতের উন্নয়নে খাল খনন এবং জরুরি সেবার মানোন্নয়নে ফায়ার সার্ভিস স্থাপনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, জনগণ যে আস্থা ও প্রত্যাশা নিয়ে জনপ্রতিনিধিদের দায়িত্ব দিয়েছেন, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে সংরক্ষিত পাবনা-সিরাজগঞ্জ ৩৩০ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার উপস্থিত থাকার কথা থাকলেও জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে কবরস্থানে মরদেহ নেওয়াও কষ্টসাধ্য হয়ে উঠেছিল।
তারা আশা প্রকাশ করেন, উন্নয়নকাজ সম্পন্ন হলে কঠবাড়িয়া-গোপালপুর এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।

Leave a Reply
You must be logged in to post a comment.