চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে এক কলেজ প্রভাষকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বর্ণ, রুপাসহ কয়েক লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চাটমোহর কাজীপাড়া এলাকার বাসিন্দা ও চাটমোহর সরকারি কলেজের প্রভাষক মোঃ মাহবুবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানাগেছে, মাহবুবুর ও তার স্ত্রী নাছিমা খাতুন বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বাসায় তালা দিয়ে কর্মস্থলে যান। পরে দুপুর প্রায় ১টার দিকে তার স্ত্রী বাড়িতে ফিরে ঘরে প্রবেশ করে দেখেন, ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে এবং পেছনের দরজা খোলা।
পরে ঘরের সুটকেস ও আলমারি খুলে দেখা যায়, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা এবং ৫ ভরি রুপা, যার মূল্য প্রায় ১৭ হাজার ৫০০ টাকা,সহ অন্যান্য মূল্যবান মালামাল খোয়া গেছে।
ভুক্তভোগীর অভিযোগ, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরের দল বাড়িতে প্রবেশ করে এসব মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় স্থানীয় কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করে চাটমোহর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
চাটমোহর থানা পুলিশের পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.