ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের পাচবেতুয়ান গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি বসতঘর, গৃহস্থালির মালামাল ও গুরুত্বপূর্ণ দলিলপত্র পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার প্রত্যন্ত এলাকা বেতুয়ান গ্রামের আবু শামার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাড়ির একটি ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং পুরো বাড়িজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ভস্মীভূত হয়। পাশাপাশি পরিবারের সংরক্ষিত গুরুত্বপূর্ণ দলিলপত্রও পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্তরা বড় ধরনের বিপাকে পড়েছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিনের সঞ্চয় ও প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে তারা এখন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তারা প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি জানা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের পর ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।

Leave a Reply
You must be logged in to post a comment.