চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা মহিউল উলুম দাখিল মাদ্রাসায় মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতেও জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় দেখা গেছে। বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরেই নিয়মনীতি ও শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এলাকাবাসীর দাবি, সর্বশেষ দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ১৬ জন পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। এছাড়া পাঠদানের মান নিয়েও নানা অসন্তোষ রয়েছে বলে জানা গেছে।

রাতেও জাতীয় পতাকা উত্তোলিত থাকার বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সুপার মকবুল হোসেন মুকুল বলেন,
“আমি বিকেল চারটা পাঁচ মিনিটের দিকে মাদ্রাসা থেকে বের হয়েছি। পরে যারা ছিল, পিয়ন বা কর্মচারীরা হয়তো পতাকা নামাতে ভুলে গেছে। অসচেতনতা বা ভুলবশত এমন ঘটনা ঘটতে পারে।”

এ বিষয়ে চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল ইসলাম বলেন, “এটা অপরাধ এবং মোটেও ঠিক হয়নি। নির্ধারিত সময়ের বাইরে পতাকা উত্তোলিত রাখা নিয়মের মধ্যে পড়ে না। এটি চরম গাফিলতি। বিষয়টি সত্য হলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি নিয়ে এলাকায় নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, শুধু পতাকা ব্যবস্থাপনাই নয়, প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমও যথাযথভাবে তদারকি করা প্রয়োজন।