ভাঙ্গুড়া প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার জেলা পরিষদ ডাক বাংলোর কোটি টাকা মূল্যের সরকারি জমি অবৈধ দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। সরকারি সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৩ জুন) অভিযান চালিয়ে নির্মাণাধীন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শরৎনগর বাজার সংলগ্ন জেলা পরিষদ ডাক বাংলোর সরকারি জমিতে স্থানীয় এক ব্যবসায়ী অনুমতি ছাড়া দখল নিয়ে স্থায়ী স্থাপনা নির্মাণের উদ্যোগ নেন। অভিযোগ রয়েছে, তিনি সেখানে বহুতল ভবন নির্মাণের উদ্দেশ্যে আরসিসি পিলার স্থাপনের কাজও শুরু করেছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পৌর সার্ভেয়ার, পৌর ভূমি কর্মকর্তা এবং ভাঙ্গুড়া থানা পুলিশের সমন্বয়ে যৌথভাবে তদন্ত ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

তদন্তে সরকারি নথি, মানচিত্র ও জমির সীমানা যাচাই শেষে নিশ্চিত হওয়া যায় যে নির্মাণাধীন অংশটি জেলা পরিষদের সরকারি সম্পত্তির অন্তর্ভুক্ত। পরে প্রশাসনের উপস্থিতিতে অবৈধভাবে নির্মাণাধীন আরসিসি পিলার অপসারণ করে জমিটি দখলমুক্ত করা হয়।

অভিযান চলাকালে অভিযুক্ত ব্যক্তি প্রশাসনের কাছে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মর্মে লিখিত মুচলেকা দেন বলে প্রশাসন জানিয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, “সরকারি জমি ব্যক্তি স্বার্থে দখলের কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা উদ্ধারকৃত জমিতে প্রশাসনের নিয়মিত নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

অভিযান শেষে জমিটি সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ শুরু হয়েছে।