পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ৬ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে ডিএনসি পাবনা টিম। মঙ্গলবার (২৩ জুন ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলিম এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চালানো হয় পাবনা সদর উপজেলার কবিরপুর, মহেন্দ্রপুর ও ছাতিয়ানী এলাকা এবং ঈশ্বরদী উপজেলার মুলাডুলি, নূর মহল্লা ও ফতেহ মোহাম্মদপুরসহ বিভিন্ন মাদক স্পটে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আকাশ (২৭), মো. শাকিল (৩৫), মোহাম্মদ আলী (৫৫), মো. হানিফ খাঁ (৪৫), মো. শরিফুল ইসলাম (২৪) এবং মো. তানজিদ শেখ (২৯)।
ডিএনসি কর্মকর্তারা জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শহিদুল মান্নাফ কবীর জানান, চলতি জুন মাসে এখন পর্যন্ত ৯৭ জনকে মাদক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply
You must be logged in to post a comment.