পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের লেবুবাগান থেকে বাঁধ পর্যন্ত রাস্তা মেরামতের কাজে নিম্নমানে দ্রব্যসামগ্রি ইটের খোঁয়া দিয়ে করার অভিযোগ উঠেছে।

রাস্তার কাজে অনিয়ম ও নয়ছয় হওয়ায় এলাকাবাসী বিক্ষোভ করে রাস্তা মেরামতের উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ করে রেখেছে।

এলাকাবাসীরা জানায়, দীর্ঘদিন পর আমরা যাতায়াতের অযোগ্য রাস্তাটিতে মেরামতের জন্য উন্নয়ন প্রকল্প দিয়েছে সরকার। এই রাস্তায় হাজার হাজার মানুষের যাতায়াত হয় নিয়মিত। এই রাস্তায় নিম্নমানের ইট ও খোঁয়া দিয়ে কাজ করলে অল্পকয়েকদিনের মধ্যে ভেঙ্গে যাবে যা একসময় চলাচলের অযোগ্য হয়ে পড়বে তাই আমরা এলাকাবাসী একত্রিত হয়ে কাজ বন্ধ করে দিয়েছি।

এছাড়াও অভিযোগ রয়েছে দোগাছী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জিয়া ফ্যাসিবাদী হাসিনার আমলে প্রভাব খাটিয়ে বিভিন্ন রাস্তায় অনিয়ম ও দুর্নীতি করেছে। বিভিন্ন সুত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত ছিলেন মোহাম্মদ জিয়া মেম্বার।

এ বিষয়ে অভিযুক্ত জিয়া মেম্বার জানান, রাস্তার কাজটি সঠিক নিয়মে হয়ে আসছে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ওয়ার্ডে বিভিন্ন মেম্বার প্রার্থী ষড়যন্ত্র করে কাজ বন্ধ করে রেখেছে। আমি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত কখনো ছিলাম না। আমি বিএনপির একজন সমর্থক।

এ বিষয়ে পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা জানান, কর্মরত প্রকল্প কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত করার। অভিযোগটি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।