আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: মহামান্য হাইকোর্টের রায়ের আলোকে পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল পুনরায় দায়িত্ব ফিরে পেয়েছেন। দীর্ঘদিন দায়িত্বের বাইরে থাকার পর বুধবার (১৭ জুন) প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে পুনর্বহাল হন।

জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন থেকে বিরত ছিলেন। পরবর্তীতে বিষয়টি আদালতে গড়ালে হাইকোর্ট তাঁর পক্ষে রায় প্রদান করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দায়িত্ব পুনর্বহালের প্রক্রিয়া সম্পন্ন করে।

দায়িত্ব গ্রহণের পর একদন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া থাকলেও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

সমর্থকরা আদালতের এই রায়কে ন্যায়বিচার ও আইনের শাসনের বিজয় হিসেবে উল্লেখ করেন। দায়িত্ব ফিরে পেয়ে চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, আদালতের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি ইউনিয়নবাসীর কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন। সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, হাইকোর্টের রায়ের পর উপজেলা প্রশাসনের নির্দেশনায় দায়িত্ব পুনর্বহালের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়। দীর্ঘ বিরতির পর পুনরায় দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি একদন্ত ইউনিয়ন পরিষদের কার্যক্রমে ফিরে এলেন।