ভাঙ্গুড়া প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মাদক সেবনের প্রমাণ পাওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাদের দোষী সাব্যস্ত করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পাথরঘাটা গ্রামের মো. শান্ত হাসান শুভ (২৫) ও বোয়ালমারী গ্রামের মো. জোবায়ের আহমেদ (২৪)। তাদের প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ড ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ভদ্রপাড়া গ্রামের মো. মোশাররফ হোসেন (৩৬)-কে ৫০০ টাকা অর্থদণ্ড ও নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় ভাঙ্গুড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, মাদক নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।