পাবনা প্রতিনিধি: জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা এবং স্থানীয় সমস্যা সরাসরি শুনে কার্যকর উদ্যোগ নেওয়ার লক্ষ্যে পাবনা জেলার আটঘরিয়া থানায় অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে।

বুধবার (১৭ জুন ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ। তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার

ওপেন হাউজ ডেতে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত বক্তারা বলেন, পুলিশ ও জনসাধারণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে অপরাধ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পাবনা জেলা পুলিশ জানায়, জনগণের আস্থা ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।