পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে বিভিন্ন মাদকদ্রব্যসহ ১০ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। এ সময় হেরোইন, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) পাবনা সদর উপজেলার লস্করপুর, কবিরপুর ও মহেন্দ্রপুর এলাকা এবং চাটমোহর উপজেলার সারোরা ও কুবিরদিয়ার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলিম এবং চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।

আটককৃতরা হলেন, পাবনা সদর উপজেলার মালিগাছার ইসমাইল হোসেন ভোলা (৩৭), লঞ্চঘাট এলাকার হৃদয় (৩০), আতাইকুলার সরাডাঙ্গিয়ার জাহাঙ্গীর (৩৫), আরিফপুরের সোহেল (৩৫), ইসলামগাতির নাজমুল (৪০), চাটমোহরের ভাদ্রার শামীম হোসেন (৫০), সারোরার রিনা খাতুন (৩৫), উথুলির বাবু আলী (৪২), ঈশ্বরদীর মথুরাপুরের মানিক হোসেন (৪৫) এবং চাটমোহরের ধরইলের জহুরুল ইসলাম (৫০)।

ডিএনসি সূত্রে জানা গেছে, অভিযানে মোট ৬ গ্রাম হেরোইন, ৭৫০ গ্রাম গাঁজা এবং ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএনসি পাবনা সদর সার্কেলের উপ-পরিদর্শক মো. জামালুর রহমান, উপ-পরিদর্শক সোহান, ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহিম এবং উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বলেন, “মাদক চোরাচালান ও মাদকসেবন রোধে অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের আগ্রাসন প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”