পাবনা প্রতিনিধি: পাবনা শহরে ছেলের সামনে হোসেন আলী (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া ৬ আসামির মধ্যে ৫ জনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এর বিচারক মতিউর রহমান রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া গ্রামের মৃত আমিন প্রামাণিকের ছেলে শরীফ প্রামাণিক (৩৫), গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের আব্দুস সামাদের ছেলে সাইদুল ইসলাম, একই গ্রামের সোহরাব মোল্লার ছেলে মনিরুল ইসলাম (২৮), মৃত আব্বাস আলী খানের ছেলে খলিলুর রহমান এবং আজাদ সরকার।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য প্রত্যেক আসামির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামি মতিউর রহমান এর আগে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার সূত্রে জানা যায়, গত ৮ জুন সন্ধ্যায় পাবনা শহরের টার্মিনাল এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ছেলে রোহানকে ভর্তি রাখতে নিয়ে যান হোসেন আলী। মাদ্রাসার প্রধান ফটকের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে গুলি করে। ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুরো ঘটনাটি তার ১২ বছর বয়সী ছেলে রোহানের সামনেই ঘটে।
এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী আফসানা খাতুন বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়। তদন্তের অংশ হিসেবে এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.