চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচজন মাদকসেবী ও মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) পরিচালিত এসব অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, মথুরাপুর ইউনিয়নের উথুলী গ্রামের বাবু আলী, সাড়োরা গ্রামের বীনা খাতুন, ভাদড়া গ্রামের শামিম হোসেন, মথুরাপুর এলাকার মানিক হোসেন এবং হরিপুর ইউনিয়নের ধরইল গ্রামের জহুরুল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত অপরাধের ধরন অনুযায়ী অর্থদণ্ড ও বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করেন।

দণ্ড কার্যকর ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাজাপ্রাপ্তদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চাটমোহরে মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকসেবন ও মাদক কারবার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।