পাবনার তালবাগান পাড়ায় আবুল কাশেম (২৭) হত্যা মামলার অন্যতম প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পূর্ব বিরোধের জেরে সংঘটিত এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

এর আগে গত রোববার বিকেলে পাবনা শহরের তালবাগান পাড়ায় আবুল কাশেমকে তার বাড়ির কাছেই এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। নিহত আবুল কাশেম ওই এলাকার আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে আবুল কাশেম বাড়ি থেকে বের হয়ে সামির হোসেনের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে সামির হোসেন ও তাঁর বাবা লাড্ডু সুলতান তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন বলে অভিযোগ ওঠে। স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে ৯ ফেব্রুয়ারি রাতে শহরের শালগাড়িয়া তালবাগান পাড়ার খাদিজাতুল কুবরা জামে মসজিদের জালসায় আবুল কাশেমের সঙ্গে একই এলাকার সামির হোসেন ও তাঁর পিতা লাড্ডু সুলতানের কথা–কাটাকাটি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হলেও সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, ঘটনার পর থেকেই পুলিশ অভিযান চালিয়ে আসছিল।

পরে পাবনার বহুল আলোচিত কাশেম হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মোঃ সাকিব শেখ (সামির) (২৫), পিতা সুলতান শেখ, সাং শালগাড়িয়া, থানা ও জেলা পাবনাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে হত্যা মামলাসহ আরও চারটি জিআর ওয়ারেন্ট মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।