চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি ৮০০ গ্রাম শুকনা গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ জুন ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে চাটমোহর উপজেলার নিমাইচরা ইউনিয়নের সমাজ বাজার এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার একটি দল। অভিযান চলাকালে মা সুপার মার্কেট সংলগ্ন সাবিদুল কসমেটিকস ও মা মেডিক্যাল হলের মাঝের গলিতে অবস্থানরত দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সমাজ গ্রামের দক্ষিণপাড়ার মৃত মনছের আলীর ছেলে হযরত আলী (৬০) এবং সমাজ করতকান্দী গ্রামের সাজেদুল ইসলাম (২৮)

পরে উপস্থিত লোকজনের সামনে তল্লাশি চালিয়ে হযরত আলীর কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১ কেজি শুকনা গাঁজা এবং সাজেদুল ইসলামের ব্যাগ থেকে ৮০০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ২১ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ হাজার টাকা

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চাটমোহর থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তারা জানান, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং মাদক নির্মূলে জনসাধারণের সহযোগিতা প্রয়োজন। সচেতনতামূলক বার্তায় পুলিশ বলেছে, “মাদক নয়, জীবন হোক আলোর পথে।”