পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহীও। রোববার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আলিফ (৮) পাবনা সদর উপজেলার কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে। নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান জানান, আলিফকে নিয়ে তার মা পাকশী এলাকায় বেড়াতে গিয়েছিলেন। রাতে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে কোলইকান্দি বটতলা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি হঠাৎ কাত হয়ে যায়। এতে মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায় আলিফ।

ছেলেকে উদ্ধার করতে তার মা অটোরিকশা থেকে লাফিয়ে নামলে চালক ঘটনাস্থল ছেড়ে চলে যায়। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের চালক শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়েন। ট্রাকটি শিশুটিকেও চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক ও অটোরিকশার চালক পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় আহত শিশুটির মাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।