পাবনা প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে পাবনায় র্যালি, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এবং পাবনা পৌরসভার সহযোগিতায় শহরের মাটি সড়ক এলাকার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভূমি অফিস সংলগ্ন জামতলা পুকুর এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম। উদ্বোধনের পর অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন এবং আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় পুকুর ও এর আশপাশে জমে থাকা আবর্জনা অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা পৌরসভার প্রশাসক খায়রুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ-এর প্রকাশক এস এম আলমসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর সঙ্গে সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও জরুরি। বাসাবাড়ি ও আশপাশের এলাকায় কোথাও যেন পরিষ্কার পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।
তারা ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply
You must be logged in to post a comment.