চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (৬ জুন) চাটমোহর থানার অফিসার ও ফোর্স পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হলেন কাজীপাড়া এলাকার মৃত লেবু আলী শেখের ছেলে মো. শরিফুল ইসলাম (৩৫) এবং মধ্যশালিকা এলাকার মৃত আমিরুল শেখের ছেলে মো. নয়ন শেখ (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, শরিফুল ইসলামকে নার্সারি মোড় সংলগ্ন কাজীপাড়া এলাকা থেকে এবং নয়ন শেখকে জারদিস মোড় এলাকা থেকে আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। সাজা ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

চাটমোহর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।