চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে ভেজাল দুধ কারবারিদের বিরুদ্ধে প্রশাসনকে তথ্য দেওয়ার অভিযোগে সংঘবদ্ধ হামলায় আহত হাশেম প্রামাণিক (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (৪জুন) দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের মৃত নুর আলী প্রামাণিকের ছেলে।
হাশেমের মৃত্যুর ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে চাটমোহর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি শাহীন নামের এক যুবককে আটক করেছে।
স্থানীয় সূত্র ও প্রশাসন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে নটাবাড়িয়া গ্রামে লোকচক্ষুর আড়ালে ভেজাল দুধ তৈরির ব্যবসা চালিয়ে আসছিলেন ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মামিন। অভিযোগ রয়েছে, তিনি দলীয় প্রভাব খাটিয়ে এবং বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে কেমিক্যাল মিশ্রিত ভেজাল দুধ তৈরি করে বিভিন্ন দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে সরবরাহ করতেন।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী তার কারখানায় অভিযান পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণ কেমিক্যাল, ভেজাল দুধ এবং দুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুল মামিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনার পর তিনি দল থেকে সাময়িক বহিষ্কারও হন।
তবে কিছুদিন পর আবারও ভেজাল দুধ তৈরির কার্যক্রম শুরু করেন বলে অভিযোগ ওঠে। দ্বিতীয় দফায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার বাড়ি থেকে আবারও বিপুল পরিমাণ কেমিক্যাল ও ভেজাল দুধ জব্দ করা হয়। এ ঘটনায় আব্দুল মামিন, তার বাবা এবং আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশ তার বাবাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এদিকে প্রশাসনের কাছে তথ্য সরবরাহ করার সন্দেহে গত (২৯ মে) হাশেম প্রামাণিকসহ কয়েকজনের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আব্দুল মামিন ও তার সহযোগীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে হাশেমসহ কয়েকজন গুরুতর আহত হন।
গুরুতর আহত হাশেম প্রামাণিককে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসার পর বাড়ি ফিরলেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। অবশেষে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে ভেজাল দুধের ব্যবসা চালিয়ে আসছিল একটি চক্র। এসব অনিয়মের তথ্য প্রশাসনের কাছে পৌঁছে দেওয়াকেই হামলার মূল কারণ বলে তারা দাবি করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, নিহত হাশেম প্রামাণিকের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি শাহীনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply
You must be logged in to post a comment.