চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত ঘোড়া ফজলু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা (রেলবাজার) এলাকায় অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ফজলুর নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
গ্রেপ্তার ব্যক্তি মো. ফজলু প্রামানিক (৫২) অমৃতকুন্ডা (রেলবাজার) গ্রামের মৃত আবু তালেব প্রামানিকের ছেলে।
অভিযানকালে একটি সিনথেটিক শপিং ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই ব্যাগ থেকে মাদক বিক্রির অর্থ ১ লাখ ৩২ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত আলামতসহ ফজলুকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে রাখার জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এলাকায় মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.