চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচ মাদকসেবীকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ঘোড়া ফজলুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকসেবন ও মাদক সংশ্লিষ্ট অভিযোগে কয়েকজনকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে পাঁচজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বালুদিয়ার সাহাপুর এলাকার মৃত আলী আশরাফের ছেলে মো. জাকির খন্দকার (৪৩), কুবিরদিয়া গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে মানিক (৪০), অমৃতকুণ্ডা এলাকার মৃত কোরবান আলীর ছেলে আনোয়ার হোসেন (৭২), একই এলাকার রাসেল (২৫) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চাঁদপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে লিটন (৫৩)।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী বলেন, “মাদক নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Leave a Reply
You must be logged in to post a comment.