নিজস্ব প্রতিবেদক, পাবনা: পাবনার সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের বলরামপুর-পীরপুর সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে বস্তাবন্দী অবস্থায় এক অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পদ্মার চরে কাজ করতে যাওয়ার সময় কয়েকজন কৃষক নদীর তীরে একটি বস্তা ভাসতে দেখতে পান। সন্দেহ হলে তারা কাছে গিয়ে বস্তার ভেতরে একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত কিশোরীর বয়স আনুমানিক ১৪ থেকে ১৬ বছর। মরদেহটি একটি বস্তার ভেতরে রাখা ছিল। তার গলায় একটি রুপার চেইন ছিল এবং গলায় বাজারের ব্যাগ প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। এছাড়া মরদেহের হাত বাঁধা ছিল বলেও জানা গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় একটি অজ্ঞাত পরিচয়ের প্রাইভেটকার দেখা যায়। গাড়িটিতে চারজন যুবক ছিলেন বলে তাদের ধারণা। নদী তীর থেকে বলরামপুরের দিকে যাওয়ার সময় গাড়িটি বিকল হয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় সেটি ধাক্কা দিয়ে মুজিব বাঁধ পর্যন্ত নেওয়া হয়। তবে মরদেহ উদ্ধারের ঘটনার সঙ্গে ওই গাড়ির কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের একটি অংশ বিভিন্ন ধরনের আশঙ্কার কথা বললেও পুলিশ বলছে, তদন্ত শেষ হওয়ার আগে কোনো বিষয়ে নিশ্চিতভাবে মন্তব্য করার সুযোগ নেই।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কী কারণে মৃত্যু হয়েছে বা এটি হত্যাকাণ্ড কি না, সে বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত ও অন্যান্য আলামত বিশ্লেষণের পর বিস্তারিত জানা যাবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।”
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

Leave a Reply
You must be logged in to post a comment.