ভাঙ্গুড়া প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাটুলিপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রবেশের উপযুক্ত রাস্তা না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে মুসল্লিদের। বিশেষ করে ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাতে অংশ নিতে আসা হাজারো নামাজিকে চরম ভোগান্তির মুখে পড়তে হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ সমস্যা নিরসন এবং ঈদগাহ মাঠের সার্বিক উন্নয়ন নিয়ে শনিবার (৩১ মে) সারুটিয়া কমিউনিটি সেন্টার কাম-পাবলিক লাইব্রেরিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুজ্জামান তরুণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাহার বাবর।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ, আহ্বায়ক, ভাঙ্গুড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. মোক্তার হোসেন, হাজী মো. আব্দুল কাদের, ছাত্রদল নেতা মো. রাসেল রানা পিন্টু, ব্যাংক কর্মকর্তা মো. রাজু আহমেদ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. আবু বক্কারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, পাটুলিপাড়া গ্রামে প্রায় ৬০০ পরিবার বসবাস করে। ঈদের জামাতে এই কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রায় ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। কিন্তু ঈদগাহ মাঠে প্রবেশ ও বের হওয়ার জন্য পর্যাপ্ত রাস্তা না থাকায় প্রতিবছরই মুসল্লিদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

তারা ঈদগাহ মাঠের অবকাঠামোগত উন্নয়নের জন্য কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, নামাজিদের সহজ যাতায়াত নিশ্চিত করতে প্রবেশপথ নির্মাণ, মাঠের বাউন্ডারি পুনর্নির্মাণ বা সংস্কার ও রং করা, নামাজ আদায়ের স্থান পাকা করা, প্রধান গেট মেরামত, পূর্ব-উত্তর পাশের খাল ভরাট এবং ঈদগাহ মাঠের বিভিন্ন সরঞ্জামের সঠিক রক্ষণাবেক্ষণ।

বক্তারা বলেন, ঈদগাহ মাঠটি শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি এলাকার ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই দ্রুত প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়ন করে মুসল্লিদের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।