ঈশ্বরদী প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় কর্মরত এক রাশিয়ান নাগরিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) রাত ৮টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর নতুনহাট গ্রীনসিটি আবাসিক এলাকার ২১ নম্বর ভবনের ৮ তলার ৮৪ নম্বর ইউনিটে তিনি মারা যান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তির নাম লাতিপভ ভিল (৪২)। তিনি রাশিয়ার নাগরিক এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান রোজেনারগোঅ্যাটম কোম্পানিতে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজ কক্ষে অসুস্থ অবস্থায় তাকে দেখতে পান সহকর্মীরা। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে তদন্ত চলছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।