রাজনীতি ডেস্ক
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরকারের মন্ত্রী, এমপি ও দলীয় নেতাদের জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। ঈদের আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগাভাগি করতে বলা হয়েছে সবাইকে। দলের বিভিন্ন স্তরের নেতাদের এলাকায় গিয়ে সাংগঠনিক যোগাযোগ জোরদারেরও নির্দেশ রয়েছে। ইতোমধ্যে অনেক মন্ত্রী ও কেন্দ্রীয় নেতা নিজ নিজ এলাকায় পৌঁছে গেছেন। অনেকে আবার ঢাকায় ঈদের নামাজ শেষে রওনা দেবেন। স্থানীয় পর্যায়ে ঈদ পুনর্মিলনী, শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ কর্মসূচির প্রস্তুতিও নেওয়া হয়েছে। বিএনপির একাধিক নেতা মনে করছেন, এবারের ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, এটি রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। কারণ জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ তৈরি হয়েছে।
তাই পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে নিজেদের এলাকায় যাচ্ছেন বিএনপি সরকারের মন্ত্রী-এমপি ও দলের কেন্দ্রীয় নেতারা। পরিবার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন তারা। খোঁজ-খবর নেবেন বিগত আওয়ামী সরকারের আমলে নির্যাতিত নেতাকর্মীদের। সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন দলীয় সরকারের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা। একইসঙ্গে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর অপপ্রচার ও বিভ্রান্তির বিষয়ে জনগণকে সতর্ক করবেন দলটির নেতাকর্মীরা। কেন্দ্র থেকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
নেতারা জানান, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর এটি তাদের দ্বিতীয় ঈদ। এর আগে গত দেড় দশকে স্বাভাবিক পরিবেশে ঈদ করতে পারেননি তারা। মামলা, হামলা ও রাজনৈতিক চাপের কারণে অনেকেই এলাকামুখী হতে পারেননি। এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে বিএনপি সরকারের মন্ত্রী, এমপি ও কেন্দ্রীয় নেতাদের বেশির ভাগই এখন নিজ নিজ এলাকায় অবস্থান করছেন। এতে তৃণমূলের নেতাকর্মীদের মাঝেও বাড়তি উচ্ছ্বাস কাজ করছে।
বিএনপির নীতিনির্ধারক নেতাদের কয়েকজন জানান, সরকারের মেয়াদ ইতোমধ্যে তিন মাস অতিবাহিত হয়েছে। এখন নির্বাচনকালীন দেওয়া প্রতিশ্রুতির কতটুকু অগ্রগতি হয়েছে জনগণের কাছে তুলে ধরা হবে। ঈদের সময়ে প্রত্যেকেই নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করবেন। কুশল বিনিময় করে সাধারণ মানুষের প্রত্যাশার কথা জানতে চাইবেন নেতারা। এ ছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, সে বিষয়ে জনগণকে সতর্ক করা হবে।

Leave a Reply
You must be logged in to post a comment.