খেলাধুলা ডেস্ক
কোচ কার্লো আনচেলত্তি যখন একে একে খেলোয়াড়দের নাম ঘোষণা করছিলেন, তখন নিজের নাম শোনার অপেক্ষায় ছিলেন তিনি। শেষ পর্যন্ত ২৬ সদস্যের দলে নিজের নাম শুনে পুরো রাত নির্ঘুম কাটান ব্রাজিলিয়ান তারকা নেইমার। দীর্ঘ প্রায় আড়াই বছর পর জাতীয় দলে ফেরার সুযোগ পেয়ে নেইমার আবেগাপ্লুত হয়ে পড়েন। ব্রাজিল জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার খবর শুনে আবেগ ধরে রাখতে পারেননি নেইমার।
সাও পাওলোতে এক প্রচারণামূলক অনুষ্ঠানে তিনি জানান, স্কোয়াডে ফেরার বিষয়টি মেনে নিতে এবং উপলব্ধি করতে তার অনেক সময় লেগেছে। সেই রাতজুড়ে তিনি নিজের পথচলার ভিডিও দেখেছেন এবং বারবার আবেগাপ্লুত হয়েছেন। স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি ও সন্তানদের সঙ্গে কাটানো সেই রাতের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নেইমার বলেন, আমি সকাল সাতটার দিকে ঘুমাতে গিয়েছিলাম, সব ভিডিও দেখছিলাম। আমি সারা রাত কান্না থামাতে পারিনি। আমি আমার স্ত্রী ও সন্তানদের সঙ্গে ছিলাম, একই বিছানায় ছিলাম। তারা ঘুমাচ্ছিল এবং আমি প্রত্যেকটি ভিডিও দেখে কেঁদেছি।
সাম্প্রতিক বছরগুলোতে চোট ও শারীরিক সমস্যার কারণে কঠিন সময় পার করতে হয়েছে নেইমারকে। তবে আবারও বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। জাতীয় দলে ফেরার পথ যে সহজ ছিল না, সেটিও স্বীকার করেছেন এই ফরোয়ার্ড।
আগামী ২৭ মে বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল জাতীয় ফুটবল দল ৩১ মে পানামার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। বিশ্বকাপের আগে আরও একটি প্রস্তুতি ম্যাচে ৬ জুন মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। আর ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে ব্রাজিলের।

Leave a Reply
You must be logged in to post a comment.