ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মামাতো ভাইয়ের লাঠির আঘাতে মাহাবুল প্রামাণিক (৪৫) নামে এক মিষ্টি ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আজিজলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাহাবুল প্রামাণিক ওই গ্রামের আজু প্রামাণিকের ছেলে। এলাকায় তিনি “মাহাবুল মিষ্টি ওয়ালা” নামে পরিচিত ছিলেন। অভিযুক্ত আব্দুল বাশার একই গ্রামের আবুল কাশেম বিদু মুন্সীর ছেলে এবং নিহতের আপন মামাতো ভাই।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে এ বিরোধকে কেন্দ্র করে মাহাবুল ও বাশারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আব্দুল বাশার লাঠি দিয়ে মাহাবুলের মাথায় আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় মাহাবুলকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত বাশারকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। একইসঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান বলেন, “ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply
You must be logged in to post a comment.