স্টাফ রিপোর্টার, পাবনা: পাবনার বেড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে কথিত ‘ইয়াবা সম্রাট’ হিসেবে পরিচিত মো. হাসান বেপারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে বেড়া মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম মালদহ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পরে আটককৃত হাসান বেপারীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পুলিশ জানায়, হাসান বেপারীর বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে স্থানীয় বাসিন্দারা পুলিশের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা এলাকায় মাদক নির্মূলে আরও জোরালো ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।