স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নে শুরু হয়েছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা। এরই মধ্যে গুনাইগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আজাহার আলী।

স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ইচ্ছার কথা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. আজাহার আলী তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা একজন সক্রিয় বিএনপি নেতা। ছাত্ররাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা। পরবর্তীতে দীর্ঘদিন ধরে গুনাইগাছা ইউনিয়ন বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দলের দুর্দিনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি একাধিকবার মামলা ও হামলার শিকার হয়েছেন বলেও জানা গেছে।

২০১১ সাল থেকে তিনি গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বহুদলীয় গণতন্ত্রের প্রতি তার অবিচল অবস্থান তাকে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের কাছে পরিচিত মুখ হিসেবে গড়ে তুলেছে।

চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাব্য ঘোষণার পর ইউনিয়নের সাধারণ মানুষ ও তরুণদের মধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের অনেকেই মনে করছেন, শিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব ইউনিয়নের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

এ বিষয়ে মো. আজাহার আলী বলেন, “সঠিক পরিকল্পনা ও জনসম্পৃক্ত উন্নয়নের মাধ্যমে গুনাইগাছা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে পরিণত করা সম্ভব। আমি সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে কাজ করতে চাই। নাগরিক অধিকার নিশ্চিত করে জনগণের সেবক হিসেবে সবসময় ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই।”

তিনি আসন্ন নির্বাচনে ইউনিয়নবাসীর দোয়া ও সার্বিক সমর্থন কামনা করেন।