স্টাফ রিপোর্টার, পাবনা: পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ’র সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা, মাদক, অবৈধ বালু উত্তোলন, সন্ত্রাস, পরিবেশ দূষণ এবং সাংবাদিকদের পেশাগত নানা চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনা হয়।
সোমবার (১৮ মে) রাত ৮টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাব সম্পাদক জহুরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, প্রশাসনের দায়িত্ব অনেক বিস্তৃত হওয়ায় সবসময় তাৎক্ষণিক সাড়া দেওয়া সম্ভব হয় না। তবে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠতা ও তথ্য যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য।
পাবনার সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে ডিসি বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে ভবিষ্যতে পাবনা উত্তরবঙ্গের প্রবেশদ্বারে পরিণত হতে পারে।
পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি সাংবাদিকদের দ্রুত তথ্য আদান-প্রদানের জন্য মিডিয়া অফিসারের নম্বর ব্যবহারের আহ্বান জানান।
এসপি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যরা দিনরাত কাজ করছেন, যাতে সাধারণ মানুষ নিরাপদ ও স্বস্তিতে থাকতে পারেন।
উন্মুক্ত আলোচনা পর্বে সাংবাদিকরা মাদক বিস্তার, অবৈধ বালু উত্তোলন, সন্ত্রাস, প্লাস্টিক পোড়ানো, প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং সাংবাদিকতার বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে মতামত তুলে ধরেন।
ক্লাবের সংস্কৃতি সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে পাবনার প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply
You must be logged in to post a comment.