স্টাফ রিপোর্টার: “২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে পাবনা জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির প্রথম দিনে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পাবনা জেলা পরিষদের প্রশাসক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহফুজা সুলতানা এবং কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শিবজিত কুমার নাগ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জেলা পরিষদের প্রশাসক প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের জন্য কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে নির্বাচন করায় জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর শিবজিত কুমার নাগ।
তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবুজায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply
You must be logged in to post a comment.