পাবনা প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন পরিচালনা পরিষদের পাবনা প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সিএসএফ সদস্য মোঃ এনামুল হক।

রোববার (১৭ মে) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নির্বাচন পরিচালনা প্রতিনিধিদের তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় পাবনা প্রতিনিধি হিসেবে মোঃ এনামুল হকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

জানা যায়, বর্তমানে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য, প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপির বিশেষ সহকারী হিসেবেও দায়িত্ব পালন করছেন এনামুল হক।

দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এনামুল হক রাজনৈতিক জীবনে নানা নির্যাতন ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ নিরাপত্তা বলয়ের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সময় হয়রানি ও জুলুমের শিকার হন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রাজনীতির পাশাপাশি শৈশব থেকেই ক্রীড়া অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এনামুল হক। বিশেষ করে ক্রিকেট উন্নয়নে কাজ করার আগ্রহ থাকলেও রাজনৈতিক ব্যস্ততা ও বিভিন্ন কারণে দীর্ঘদিন তিনি ক্রীড়া কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখতে পারেননি।

নবনিযুক্ত নির্বাচন প্রতিনিধি এনামুল হক বলেন, “বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে ক্রিকেট অন্যতম প্রধান খেলা। এই খেলাটির মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশ আলাদা পরিচিতি পেয়েছে। পাবনায় ক্রিকেটের উন্নয়নে অতীতে কার্যকর উদ্যোগ কম ছিল। ভবিষ্যতে মেধাবী ও উদীয়মান ক্রিকেটার তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, এনামুল হক এর আগে পাবনা জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পাবনা শহরের জেলাপাড়া এলাকার বাসিন্দা।